ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। ছবি: কারা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কয়েদি আলাউদ্দিনকে (৩০) এক ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আনোয়ার হোসেনের দাবি, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দিন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন আরও জানান, আলাউদ্দিন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ৩১/এ। তার বাবার নাম মজিদ মোল্লা। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।