সাভারের দক্ষিণ শ্যামপুরে ঘিরে রাখা একটি ভবনে অভিযান চালিয়েছে সিটিটিসি। ছবি: ভিডিও থেকে
ঢাকার অদূরে সাভারের দক্ষিণ শ্যামপুরে ঘিরে রাখা একটি ভবনে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
প্রায় চার ঘণ্টা ভবনটি ঘিরে রাখার পর বুধবার রাতে অভিযান শুরু হয়।
বিষয়টি রাত ১ টা ২০ মিনিটে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
তিনি জানান, তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর বাড়িটি ঘিরে রাখা হয়। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকেই ভবনটির আশপাশে সিটিটিসির সদস্যরা অবস্থান নেন। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া সরঞ্জামের ধরন এবং ভবনের ভেতরে কেউ ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি ঢাকার মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এসব ঘটনার সঙ্গে সাভারে উদ্ধার হওয়া সরঞ্জামের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিষয়ে বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সিটিটিসি।