প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৭:০৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৭:১৫ পিএম
ফরিদা খানম। ফাইল ছবি
নারীদের পিছিয়ে রেখে দেশের প্রকৃত ও সুষম উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মঙ্গলবার ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিতি এসপিআরই প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদা খানম বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তুলতে হবে। নারী এগিয়ে গেলে পরিবার, সমাজ ও দেশও এগিয়ে যাবে”।
তিনি আরও বলেন, “প্রান্তিক নারীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, আইসিটি, বাস্তবমুখী দক্ষতা ও উদ্যোক্তা প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা ও স্বাস্থ্যসেবাসহ সরকারি-বেসরকারি সেবা নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি”।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, “সহজ শর্তে ঋণ ও উদ্যোক্তা সহায়তা এবং স্থানীয় ও অনলাইন বাজারে নারীদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে হবে”।
নারী ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জেলা প্রশাসন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।