× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:২২ পিএম

তিনটি মোটরসাইকেলে করে আসা ৬-৭ জনের একটি দল অস্ত্রের মুখে পাম্পের কর্মীদের জিম্মি করে। ছবি: ভিডিও থেকে

তিনটি মোটরসাইকেলে করে আসা ৬-৭ জনের একটি দল অস্ত্রের মুখে পাম্পের কর্মীদের জিম্মি করে। ছবি: ভিডিও থেকে

ঢাকার উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের কর্মীদের জিম্মি করে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

তিনটি মোটরসাইকেলে করে আসা ৬-৭ জনের একটি দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। 

প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাতপরিচয় ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, সকালে পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। তারা কাভার্ড ভ্যানে করে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন তাদের পথরোধ করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা পিস্তল তাক করে তাদের জিম্মি করে। পরে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। এরপর আব্দুল্লাহপুরের দিকে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। হামলায় আহত আল আমিনকে সেলিমুজ্জামান, খোরশেদ ও আশপাশের লোকজনের সহায়তায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বলেন, “পাম্পটিতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা রবিবার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল”।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন প্রায় একই সময়ে পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে নেওয়া হতো। ফলে এই সময়সূচি ছিনতাইকারীরা আগে থেকেই জেনে থাকতে পারে। তাদের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিতও হতে পারে। পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে নেওয়ার তথ্য কারা জানত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি ছিনতাইয়ের আগে ও পরে সন্দেহজনকভাবে চলাচল করা মোটরসাইকেল ও ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে পাম্পের ভেতরের কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশের একাধিক ইউনিট ঘটনাটি তদন্ত করছে। আশা করছি, শিগগির জড়িতদের শনাক্ত করতে সক্ষম হব”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা