প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৯:৩১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম
উদ্ধার হওয়া সোনা। ছবি: এনবিআর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮১২ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার এই তথ্য জানিয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহজনক একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত উদ্ধার করা হয়।
গাড়িটি আরও তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, যার মধ্যে একটি নতুন আইফোন ১৭ প্রো, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলে উদ্ধার করা সব পণ্যের ইনভেন্টরি করা হয়।
গোয়েন্দাসূত্র আরও জানায়, ঢাকার কাস্টমস হাউসে সোনা পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা সোনার মান ২৪ ক্যারেট পাওয়া যায়। এর মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
এ ঘটনায় গাড়ির চালক মো. শামীম মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।