প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৯:২৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম
রমনা মডেল থানা। ছবি: শেখ আফলাতুন
রাজধানীর নিউ বেইলি রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে জেবা আদিবা (৩১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাটি প্রকাশ পায়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তীব্র মানসিক বিষণ্নতায় ভুগে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জেবা আদিবা দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালে রায়হান তনয় নামের এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। প্রথম স্বামীর ঘরে সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
জানা যায়, এ দিন সকালে জেবা আদিবার প্রথম স্বামী রিসাত আমীর সন্তানকে আনতে ওই বাসায় যান। এ সময় তিনি ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেবাকে ঝুলতে দেখেন। এরপর নিহতের ভাই নাবিল আহসানকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
নাবিল আহসান পুলিশকে বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরেই মানসিক বিষণ্নতায় ভুগছিল। ধারণা করা হচ্ছে, ভোর ৪টা থেকে বেলা সাড়ে ১০টার মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।’
এ ঘটনায় নিহতের ভাই রমনা মডেল থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি দায়ের করেছেন। রমনা থানার ডিউটি অফিসার এসআই উজ্জ্বল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’