প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:৫৫ পিএম
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ছবি: ডিএমপি
রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খিলগাঁও বাগিচার ঝিলপাড় এলাকায় অভিযান চালায় শাহজাহানপুর থানা পুলিশ। এ সময় পাবলিক টয়লেটের পশ্চিম পাশে ময়লার ভাগাড়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ময়লার ভাগাড় থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।