প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৫০ পিএম
‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। ছবি: সংগৃহীত
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
রাজধানীর আগারগাঁও এলাকা থেকে রবিবার দুপুরে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে যান।
ওসি বলেন, এ সময় মিজান তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।