প্রতীকী ছবি
ঢাকার যাত্রাবাড়ীতে পারিবারিক কলহ ও দ্বিতীয় স্ত্রীর দেনমোহরের (কাবিন) ১৫ লাখ টাকা পরিশোধের চাপ সইতে না পেরে মো. আলমগীর নামের এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রাবাড়ীর মাতুয়াইল গোবিন্দপুর কবরস্থান রোড এলাকার একটি ভাড়া বাসায় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আলমগীর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মদন গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন এবং মাতুয়াইল এলাকায় শহীদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাতুয়াইলের একটি বাসা থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এসআই জসীম আরও বলেন, “পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”
আলমগীরের প্রথম স্ত্রী মোছা. শিরিন আক্তার জানান, দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই কন্যাসন্তান রয়েছে। কিন্তু ১০-১৫ দিন আগে আলমগীর তাদের প্রতিবেশী রাশিমা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করেন। ওই বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১৫ লাখ টাকা।
শিরিন আক্তারের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকেই দেনমোহরের টাকার জন্য আলমগীরকে চাপ দিতে থাকেন রাশিমা। এ নিয়ে পরিবারে চরম অশান্তি শুরু হয়। এর জেরে আলমগীর প্রথম স্ত্রীকে মারধরও করতেন।
শিরিন আক্তারের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকেই দেনমোহরের টাকার জন্য আলমগীরকে চাপ দিতে থাকেন রাশিমা। এ নিয়ে পরিবারে চরম অশান্তি শুরু হয়। এর জেরে আলমগীর প্রথম স্ত্রীকে মারধরও করতেন।
শিরিন বলেন, “আমার স্বামী পেশায় রাজমিস্ত্রি ছিলেন। অনেক কষ্টে টেনেটুনে আমাদের সংসার চলত। দেনমোহরের ১৫ লাখ টাকা পরিশোধ করার সামর্থ্য তার ছিল না। এই বিশাল অংকের টাকার দুশ্চিন্তা ও মানসিক চাপ সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”