ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ। ফাইল ছবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১ নম্বর গেটের বিপরীত পাশের একটি ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ঢামেক হাসপাতালের দৈনিক ভিত্তিক (ডেইলি বেসিক) এক কর্মী ময়লা ফেলতে গিয়ে ডাস্টবিনের ভেতরে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
এসআই রায়হান আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।