রাজধানীর গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: ফোকাস বাংলা
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে রাজধানীর গণভবনে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক সংরক্ষণ করা হয়েছে।
গত ৫ আগস্ট সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, শিশুদের জন্য ২৫ টাকা ও প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশের টিকিটমূল্য ও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে প্রবেশমূল্য, জাদুঘর খোলার সময় ও দর্শনার্থীদের পরিদর্শনকালসহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
জাদুঘর খোলার সময়
জাদুঘর সপ্তাহে ছয় দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
দর্শনার্থীদের জন্য পরিদর্শন স্লট
জাদুঘর পরিদর্শনের জন্য তিনটি স্লট রাখা হয়েছে। প্রথম স্লট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, দ্বিতীয় স্লট দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং তৃতীয় স্লট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রবেশমূল্য
দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে—প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক ৫০ টাকা, বাংলাদেশি শিশু (৩ থেকে ১১ বছর) ২০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিক ৫০০ টাকা ও অন্যান্য দেশের নাগরিকদের জন্য দুই হাজার টাকা।