রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। ছবি: ডিএমপি
রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
গুলশানে পুলিশ প্লাজার পাঁচতলার একটি রেস্তোরাঁ থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। পরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন।
গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে পুলিশ প্লাজায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করার পর তাদের আটক করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা চলছে। একই সঙ্গে তাদের পারস্পরিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।