প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২২:৪৪ পিএম
ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে টিজিএ ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী সংগঠন দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের (টিজিএ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের দীর্ঘ যাত্রা স্মরণের পাশাপাশি এর ঐতিহ্যকে আগামী দিনে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে বিভিন্ন প্রজন্ম ও পেশার ‘গ্রেগোরিয়ান’রা একত্রিত হন। তারা জানান, চার দশকের এ পথচলা মূলত পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সেবা, জনকল্যাণ এবং ১৮৮২ সালে প্রতিষ্ঠিত প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের লালিত মূল্যবোধের প্রতি অবিচল প্রতিশ্রুতির এক অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সৈয়দ মারগুব মুর্শিদ, সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বুখতেয়ার, হুমায়ুন কাদের চৌধুরী। তারা সবাই গ্রেগোরিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, ব্রাদার লিও পেরেরা সিএসসি। সভাপতিত্ব করেন টিজিএর সভাপতি মুনাদির ইসলাম ও ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি শামীম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, ‘গ্রেগোরিয়ান’ হওয়া মানে কেবল একটি প্রাতিষ্ঠানিক সনদ লাভ করা নয়; এটি এমন এক ঐতিহাসিক ভ্রাতৃত্বের অংশ হওয়া যা যুগ যুগ ধরে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আনুষ্ঠানিক আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শেষে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।