প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৮:৫১ পিএম
রাজধানীর বনানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে চার শিশুও রয়েছে। ছবি: ডিএমপি
রাজধানীর বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে চার শিশুও রয়েছে।
বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত চার শিশুকেও আটক করা হয়েছে।
ডিএমপি জানায়, বনানী থানা পুলিশের একটি দল জানতে পারে, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং লেনে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে।
এরপর পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ও চারজন আইনের সংঘাতে জড়িত শিশু। অভিযানের সময় অন্যরা কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।