মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৬:০৩ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৬:১২ পিএম
ঢামেক হাসপাতালের মর্গ। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশনের নিচে রাস্তা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এসআই ইলিয়াস আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মৃত যুবকটি মাদকাসক্ত ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।