প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২২:৩৬ পিএম
ডিএসসিসি লোগো। ফাইল ছবি
ঢাকার কলাবাগানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ফুটপাত ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’কে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকার ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছে ডিএসসিসি।
প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ডিএসসিসি জানায়, কলাবাগানে অবস্থিত রেস্টুরেন্টটির সামনে নির্মিত সিসি টাইলসের ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রশাসক সরেজমিন পরিদর্শন করেছেন। পরে প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে।
সংস্থাটির দাবি, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কার্যক্রমে ফুটপাতের ১৩ দশমিক ৭২ মিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৬৬ মিটার প্রস্থ জুড়ে মোট ৫০ দশমিক ২২ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ‘সড়ক খনন নীতিমালা-২০১৯’-এর পরিপন্থি এবং এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
প্রকৌশল বিভাগের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফুটপাত পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৯৫ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করে মোট ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা।
ডিএসসিসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঁচ কার্যদিবসের মধ্যে সড়ক খনন তহবিলে নির্ধারিত অর্থ জমা দিয়ে প্রমাণপত্র দাখিলের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।