প্রতীকী ছবি
ঢাকার রমনায় একটি বহুতল ভবনের আটতলা থেকে পড়ে মোহাম্মদ নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
সিদ্ধেশ্বরী রোডের র্যাংস গার্ডেন প্যালেস ভবনে বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়ারেন্ট তামিল করতে রাতে পুলিশ নজরুল ইসলামের বাসায় যায়। এ সময় তিনি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় ভবনের আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নজরুল ইসলাম সিদ্ধেশ্বরী রোডের র্যাংস গার্ডেন প্যালেসের বি-৮ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। তার বাবার নাম কসির উদ্দিন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।