বাজার স্থিতিশীল রাখতে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গ্রাফিক্স: প্রতিদিনর বাংলাদেশ
এক সপ্তাহের ব্যবধানে কাঁচালঙ্কার দাম বেড়েছে ১৬০ টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকায়। সাত দিন আগেও একই মানের মরিচের দাম ছিল ২০০ টাকা। হঠাৎ এই মূল্যবৃদ্ধির পর বাজার স্থিতিশীল রাখতে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর।
সরকারের আশা, আজ সোমবারই আমদানি কার্যক্রম শুরু হবে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে প্রভাব পড়তে পারে। তার মতে, সরবরাহ বাড়লে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে ফিরে আসবে। এ লক্ষ্যেই দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রাজধানীর কারওয়ান বাজার, রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউনহল বাজার গতকাল রবিবার সরেজমিন ঘুরে কাঁচামরিচের বাড়তি দাম দেখা গেছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে চাপ তৈরি হয়েছে। অনেক এলাকায় মরিচগাছ নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে বাজারে। ফলে পাইকারি বাজার থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে ব্যবসায়ীদের।
রায়ের বাজারের এক পাইকারি ব্যবসায়ী জানান, আড়তে মরিচের সরবরাহ এখন অনেক কম। রবিবারও তাকে প্রতি কেজি ২৪০ টাকা দরে মরিচ কিনতে হয়েছে। তার মতে, উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আমদানি না থাকাও বাজারে চাপ বাড়িয়েছে। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত বলেও তিনি মনে করেন।
বাজার পরিস্থিতি দেখতে রবিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তাদের সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তারা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সরবরাহ, মূল্য ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য নেন।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, বাজারে সরবরাহ বাড়ানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কাঁচামরিচ আমদানির অনুমতির পাশাপাশি বিদ্যমান করও কমানো হচ্ছে। আজ সোমবারই আমদানি শুরু হওয়ার কথা রয়েছে। এতে কয়েক দিনের মধ্যে বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজার সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি গণমাধ্যমকে সরেজমিন পাওয়া তথ্য বস্তুনিষ্ঠভাবে প্রকাশের আহ্বান জানান। তার মতে, সঠিক তথ্য প্রকাশিত হলে জনসচেতনতা বাড়বে ও বিভ্রান্তি কমবে। পাশাপাশি মূল্য কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির সুযোগও সীমিত হবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। সেখানে বাজার পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়। পরে সেখান থেকেই প্রতিনিধিদল শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আমদানি কার্যক্রম শুরু হলে সরবরাহ বাড়বে ও দামের চাপ কমবে। এতে সাধারণ ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন। একই সঙ্গে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।