মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১২:৫৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১২:৫৯ পিএম
ঢাকার কলাবাগানের কাঠালবাগান এলাকায় ডিভোর্সপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার কলাবাগানের কাঠালবাগান এলাকায় ডিভোর্সপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আল-আমিন মসজিদ রোড এলাকার একটি বাসায় রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিপন হামলার পর এক বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে নিহতদের পরিবার।
নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রী (২১) ও তার মা ফিরোজা বেগম (৩৫)।
পরিবারের সদস্যরা জানান, হামলার পর গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ফারজানা আক্তার রাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহত ফিরোজা বেগমের স্বামী ফারুক হোসেন জানান, সকালে তিনি বাসায় ছিলেন না। এ সুযোগে তার মেয়ের ডিভোর্সপ্রাপ্ত স্বামী শিপন বাসায় এসে পুরোনো বিরোধের জেরে ফারজানা ও ফিরোজা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে ঘটনাস্থল থেকে এক বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে পালিয়ে যান তিনি।
ফারুক হোসেনের ভাষ্য, গত শুক্রবার পরিবারের সদস্যরা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাদগাঁও গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিয়ের আগের দিন শিপন উপস্থিত হলেও বিয়ের দিন সকালে ফারজানার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এরপর খাবার না খেয়েই তিনি ঢাকায় ফিরে আসেন। শনিবার পরিবারটি ঢাকার বাসায় ফেরে।
বিয়ের বাড়িতে সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
নিহত রাত্রির চাচাতো বোন সুমাইয়া জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে রাত্রির বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবনে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।
এর আগেও কয়েকবার তাদের বিচ্ছেদ হয়, তবে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে আবার একসঙ্গে সংসার শুরু করেন তারা, বলেন তিনি।
পরিবারের দাবি, অভিযুক্ত শিপনের বাসা ঢাকার মোহাম্মদপুর এলাকায়। তারা কলাবাগানের কাঠালবাগান এলাকার ৫২/২ নম্বর আল-আমিন মসজিদ রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।