প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২৩:৩৫ পিএম
শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন গ্রন্থ ‘প্রিয়জন আপনজন’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গুলশানস্থ হোটেল ওয়েস্টিন-এর বলরুমে শুক্রবার আয়োজিত এই গ্রন্থের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মিডিয়া জগতের খ্যাতিমান মানুষেরা।
শিশুসাহিত্যসহ নানা ধরনের লেখার পাশাপাশি ফরিদুর রেজা সাগর তার জীবন চলার পথে চলচ্চিত্র, পত্রিকা, সাহিত্য, টেলিভিশনের যেসকল বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের নিয়েও লিখেছেন বিভিন্ন সময়ে। এদের মধ্য থেকে বাছাই করা এক শ ব্যক্তিত্বকে একসাথে করে প্রকাশিত হলো ‘প্রিয়জন আপনজন’ শীর্ষক গ্রন্থটি।
যাদের নিয়ে
এ গ্রন্থ লেখা হয়েছে তারা প্রায় সকলেই এ দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির খ্যাতিমান ব্যক্তি।
তাই স্বাভাবিকভাবেই ফরিদুর রেজা সাগরের লেখায় তাদের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি
বিধৃত হয়েছে সময় আর সংস্কৃতির ইতিহাসও। তাই ‘প্রিয়জন আপনজন’ একটি দালিলিক গ্রন্থও বটে।
ফরিদুর রেজা
সাগর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, মিডিয়াÑনানা ক্ষেত্রের বহু মানুষের সঙ্গে
সম্পর্কযুক্ত। অনেকের সঙ্গে এ সম্পর্ক অর্ধশতাব্দীরও পুরোনো। তাই তাঁর ‘প্রিয়জন আপনজন’
কোনোমতেই এক শ’-তে সীমিত হওয়ার মতো নয়। প্রকাশনার সীমাবদ্ধতার জন্যই এরকম একটা সংখ্যা
বেছে নিতে হয়েছে। যাদের নিয়ে এ গ্রন্থটি লেখা হয়েছে তাদের মধ্যে অগ্রগণ্য হলেন : আনিসুজ্জামান,
ফজলে হাসান আবেদ, রোকনুজ্জামান খান, মুস্তাফা মনোয়ার, সনজীদা খাতুন, ফজলে লোহানী, হুমায়ূন
আহমেদ, গোলাম মুস্তাফা, আবদুল্লাহ আল মামুন, গোলাম সারওয়ার, কামাল লোহানী, মোস্তফা
কামাল সৈয়দ, হুমায়ূন ফরীদি, সৈয়দ মনজুরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, রাজ্জাক প্রমুখ।
আর গ্রন্থভুক্ত এক শ’ জনের মধ্যে বায়ান্নজনই প্রয়াত।
প্রকাশনা অনুষ্ঠানটি
ছিল একটু ভিন্ন ধরনের। বইটির লেখক ফরিদুর রেজা সাগর, লেখকের পাঁচ দশকের পুরোনো দুই
বন্ধু জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন, বহুমাত্রিক শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন
এবং ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের মধ্যে আলাপচারিতায় সাজানো হয়েছিল
অনুষ্ঠানটি। সূত্রধর ছিলেন ফারজানা ব্রাউনিয়া। আর এ আলাপচারিতা থেকে বেরিয়ে আসে বই
ও প্রকাশনার নানা তথ্য। ফরিদুর রেজা সাগর ও তার বন্ধুদের নানা কথাও জানা যায়।
অনুষ্ঠানের
শেষ পর্যায়ে ফারজানা ব্রাউনিয়ার আহ্বানে মঞ্চে আসেন ফরিদুর রেজা সাগরের সহধর্মিণী কনা
রেজা, যাকে ‘প্রিয়জন আপনজন’ বইটি উৎসর্গ করেছেন ফরিদুর রেজা সাগর।
কিংবদন্তি
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। তিনি মোট সাতটি গান
গেয়ে শোনান। গানগুলো হলো : ‘সুন্দর সুবর্ণ তারুণ্য’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘চিঠি
দিয়ো প্রতিদিন’, ‘ফুল যদি ঝরে গিয়ে’, ‘তুমি চোখের আড়াল হও’, ‘শুধু গান গেয়ে পরিচয়’,
‘ইশারায় শিস দিয়ে’। এছাড়া খুরশীদ আলম গেয়ে শোনান ‘সমাধি’ সিনেমার একটি গান, ‘মাগো মা,
ওগো মা’। সবশেষে সাবিনা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানান ‘অন্যপ্রকাশ’-এর পরিচালক আবদুল্লাহ
নাসের ও সিরাজুল কবির চৌধুরী।
উল্লেখ্য,
গ্রন্থটি প্রকাশ করেছে ‘অন্যপ্রকাশ’। রয়্যাল সাইজের ৪০৪ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য
৩০০০ টাকা।