মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৭:২৯ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় কামরুজ্জামান খান দিপু (৪০) নামের এক পানি ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, ‘রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে আমরা মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন দিপুকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের চিকিৎসকরা দিপুকে আইসিইউতে ভর্তি করতে বলেন। তবে সেখানে শয্যা খালি না থাকায় তাকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা সামসুদ্দিন বলেন, “বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিপু বাসা থেকে বের হয়। যাওয়ার সময় আমাকে বলেছিল, ‘আব্বা, ২০ টাকা দাও, পানি কয়টা আনব।’ ওর পকেটে হাজার হাজার টাকা থাকলেও বাইরে বের হওয়ার সময় আমার কাছ থেকে ২০-৫০ টাকা নিতেই হতো। আমার ছেলে যে চলে গেল, আর বাসায় ফিরে আসল না।”
তিনি আরও জানান, খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন ব্যক্তি দিপুকে তুলে নিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে যায়। রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে শয্যা না থাকায় তাকে কাঁটাবনের হোম কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সামসুদ্দিনের দাবি, তার ছেলে ছাত্রলীগের কর্মী হলেও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।