মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:২৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৮:২৫ পিএম
ঢামেক হাসপাতালের মর্গ। ফাইল ছবি
ঢাকার কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পিংকি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ী গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. লিজা আক্তার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পিংকি বিশ্বাস ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। হোস্টেলের ওই কক্ষে তিনজন থাকতেন। বাকি দুই রুমমেট ছুটিতে বাড়িতে থাকায় পিংকি একাই ছিলেন। কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।