প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম
আগারগাঁও মেট্রোরেল স্টেশনে হঠাৎ করেই মারা যান এক রিকশাচালক।
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মো. সাহাব উদ্দিন। ৬৫ বছর বয়সি সাহাব পেশায় রিকশাচালক। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারালতান্দায়।
পুলিশ জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়। পড়ে যাওয়ার পর ২ থেকে ৩ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। কয়েকটি ঝাঁকুনি দিয়েই নিস্তেজ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্টেশনেই শুইয়ে দেওয়া হয়।
খবর পেয়ে দুপুরে মৃত সাহাব উদ্দিনের দুই ছেলে এনামুল হক ও আনোয়ার বাবার মরদেহ শনাক্ত করেন। পেশায় তারা দুজনও রিকশাচালক।
আনোয়ার জানান, ‘তারা দুই ভাই ও তার বাবা একই গ্যারেজের রিকশা ভাড়া নিয়ে চালাতেন। প্রতিদিনের মতো আজও রিকশা নিয়ে বের হন তারা। হঠাৎ ফোন আসে বাবার মৃত্যুর।’
তিনি জানান, এলাকায় কাজ নেই বলে বাড়তি রুজির আশায় ঢাকায় এসেছিলেন তারা।
স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘লোক মারফত জানতে পারি এক বৃদ্ধ ব্যক্তির লাশ স্টেশনে পড়ে আছে। পরে তার পরিচয় শনাক্তের জন্য অন্য রিকশাচালকদের সহযোগিতা নেওয়া হয়। পরে তার সন্তানরা এসে শনাক্ত করেছেন।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিবারের কোনো অভিযোগ নেই। স্বাভাবিক মৃত্যু হয়েছে। গাড়ি নিয়ে এলেই লাশ নিয়ে যেতে পারবে।’