ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে নিচে লাফ দিয়ে রিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা।
পরিবারের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
তিনি দাবি করেন, ভোরের দিকে সবার অজান্তে তিনি ভবনের অষ্টম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের বাবার কাছ থেকে তারা জানতে পেরেছেন, রিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সকালে অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ার পর তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তার ভাতিজি এসএসসি পাস করার পর সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে মোবাইলের মাধ্যমে তার বিয়ে দেওয়া হয়। পরে তার স্বামী দেশে এসে আবার বিদেশে চলে যান।
এরপর থেকেই ধীরে ধীরে রিয়ার মানসিক সমস্যা শুরু হয়। গত ১০ দিন ধরে সমস্যাটি আরও বেড়ে যায় বলেও জানান তিনি।
মোহাম্মদ রফিকুল ইসলাম আরও জানান, জিহ্বায় ঘা এবং শরীরের অন্যান্য কিছু সমস্যার কারণে রিয়া পাঁচ দিন ধরে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।