সৌরভ হোসেন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১০:০০ এএম
কাঁচামরিচ এক লাফে বাড়ল ১৬০ টাকা। ছবি: দ্য ফিনান্সয়াল এক্সপ্রেস
আমাদের এখন যে অবস্থা ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে চলে যেতে হবে। বাজারে কোনো ক্রেতাই নাই, কার কাছে বেচমু। সবজির এত দাম থাকলে ক্রেতারা কিনব কেমনে। এমনটাই অভিযোগ করেন শান্তিনগরের এক সবজি ব্যবসায়ী আলী হোসেন।
অন্যদিকে দিনমজুর মিজান মিয়া অভিযোগ করে বলেন, সপ্তাহ আগে কাঁচামরিচ নিয়েছিলাম এক পোয়া। দুই দিন আগে শেষ হওয়ায় আর কাঁচামরিচ কিনতে পারি নাই। দোকানদার কয় ৪০০ টাকা কেজি। মরিচের চাইতে সোনার দাম আরও কম আছে। এখন মরিচ ছাড়া তরকারি খাই।
ব্যবসায়ী আলী বা দিনমজুর মিজানের এমন বক্তব্য বাজারে জিনিসপত্রের দামের চিত্রকেই বর্ণনা করে। টানা ভারী বৃষ্টি ও বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। তবে এই অস্থিরতায় আরও নতুন রূপ দিয়েছে কাঁচামরিচ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম ২৪০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর, কারওয়ান বাজার, মৌচাক, মালিবাগ, রামপুরা ও বসুন্ধরা বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অধিকাংশ সবজি ও মাছের দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচ এবং পোলাও চালে। বর্তমানে বাজারে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা, পোলাও চাল ১৯০ টাকায়; যা এক সপ্তাহ আগে কাঁচামরিচ ২৪০ এবং ১৮০ টাকয় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকে পোলাও চাল নাকি বিদেশে রপ্তানি হচ্ছে, এই জন্য এই চালের দাম বেড়ে গেছে।
শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি সবজি বিক্রি হচ্ছে আগের দামেই আর শসা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ ছাড়া বেগুন ১২০ থেকে ১৬০ টাকা, করলা ১২০, ঝিঙা ১২০, গাজর ১৪০, লাউ প্রতিপিস ৮০, কুমড়া ৬০, কাঁকরোল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মসলার বাজার এখন একটু স্বস্তিতে আছে। দাম কমেছে আলু, পেঁয়াজের। তবে দাম স্থিতিশীল রয়েছে রসুন ও আদার।
মালিবাগে কয়েকটি মাংসের দোকান ঘুরে দেখা যায়, বাজারে সোনালি, লেয়ার ও হাইব্রিড মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। ব্রয়লার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর সোনালি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস ৮৫০ এবং খাসি ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে কারওয়ান বাজারে মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি রুই আকারভেদে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা, কাতলা মাছ ৫০০ থেকে ৫৫০, অন্যদিকে দেশি বাইম ৮০০ এবং ট্যাংরা আকারভেদে ৬০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ডিম ডজনপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
এদিকে পোলাও চালের দাম কিছুটা বাড়তি থাকলেও অন্যান্য চালের দাম আগের মতোই রয়েছে। ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়, পাজাম ৬০, স্বর্ণা ৫৮, ২৯ চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। সয়াবিন তেলের দামও অপরিবর্তিত রয়েছে।