গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সপ্তাহ পেরোলেও কাটছে না গ্যাস সংকট। তীব্র সংকটে রাজধানীর বেশিরভাগ বাসাবাড়িতে দিনের বেলায় রান্না বন্ধ থাকছে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠছে জনসাধারণ। কমে এসেছে শিল্পের উৎপাদন। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। অবশ্য সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানা চেষ্টা অব্যাহত রয়েছে। যদিও মিলছে না আশু সমাধান। তবে মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি আগামী সপ্তাহে কিছুটা ঠিক হতে পারে। উল্লেখ্য, এই ক্রটির কারণে ৫৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে এসেছে। অবশ্য টার্মিনালের এই ত্রুটি পুরোপুরি ঠিক হতে দুই সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ চাহিদা অনুযায়ী গ্যাস সমস্যা সমাধানের জন্য আরও অপেক্ষা করতে হবে।
এদিকে ভুক্তভোগী মানুষের ক্ষোভ বাড়ছে। গ্যাস সংকট নিয়ে মানুষজন বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত পর্যায়ে কিংবা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে ক্ষোভ প্রকাশ করছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রাহকদের তিতাস ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে।
কর্তৃপক্ষের দাবি পরিকল্পনার ঘাটতি
জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, দেশের বর্তমান এই গ্যাস সংকট দেখা দিয়েছে মূলত পরিকল্পনা ঘাটতির কারণে। তাদের মতে, দেশীয় উৎপাদনের ওপর জোর না দিয়ে আমদানি-নির্ভরতা দেশের জ্বালানি খাতকে এমন ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে এসেছে। এ কারণে একটি মাত্র অবকাঠামো বিকল হয়ে পড়তে না পড়তেই জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থার ভঙ্গুরতা স্পষ্ট হয়ে উঠেছে। সরকার যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বিকল্প এলএনজি সরবরাহ নিশ্চিত করতে যোগাযোগ অব্যাহত রেখেছে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটের দ্রুত সমাধান সহজ নয়। বরং সংকটের মধ্য দিয়ে দেশের জ্বালানি পরিকল্পনা ও নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনার কঠিন প্রয়োজনীয়তা স্পষ্টাকারে ফুটে উঠেছে।
চলছে নানা উদ্যোগ
মহেশখালীর বিকল টার্মিনালটির পরিচালনাকারী এক্সিলারেট এনার্জি যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল এনে মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সরকারকে জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে এটি আংশিকভাবে চালু হতে পারে। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা। গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে মাতারবাড়ীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালÑ এফএসআরইউ বসানোর কাজ চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিএনইই) দেওয়ার সিদ্ধান্ত হয়।
ভোগান্তি দূর হচ্ছে না অচিরেই
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিসহ সব গ্রাহক গ্যাসের ‘তীব্র স্বল্পচাপে’র মুখে পড়বেন। আগের দিনর মতো গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত সব শ্রেণির গ্রাহকপ্রান্তে ‘তীব্র স্বল্পচাপ’ বিরাজ করবে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক ভোগান্তি অব্যাহত থাকতে পারে। এ কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাসের চাপ কম
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে, দিনের বেশিরভাগ সময় চুলায় আগুন জ্বলছে না। সকাল ও রাতে মৃদু চাপ থাকায় শুধু ভাত রান্না করতেই সময় লেগে যাচ্ছে দুই থেকে আড়াই ঘণ্টা। বাসিন্দারা জানান, তাদের শুধু ভাত রান্না করতেই দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে। অনেকে আবার বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এতে বাড়ছে বিদ্যুৎ খরচ। রান্না করতে না পেরে অনেক পরিবার হোটেল-রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন। নিম্ন আয়ের মানুষ ও ব্যাচেলরদের মধ্যে অধিকাংশকে নির্ভর করতে হচ্ছে হোটেলের ওপর। বাসাবাড়ি ও মেসে থাকা শিক্ষার্থীরা জানান, গৃহ সহায়তাকারী বুয়া এলেও গ্যাস সংকটের কারণে তাদের রান্না ঘরে হচ্ছে না। অন্যদিকে গ্যাসের চাপ না থাকায় সিএনজি স্টেশনগুলোর সামনে অতিরিক্ত ভিড় জমছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষ করেও চাপ না থাকায় প্রত্যাশিত গ্যাস না পাওয়ায় চরম বিপদে পড়ছেন সিএনজির চালকরা। সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রপ্তানিমুখী শিল্পে। বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক, কাচ, স্টিল, সার ও অন্যান্য গ্যাসনির্ভর শিল্পে উৎপাদন কমে গেছে।
জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মহেশখালীর বিকল টার্মিনালটি মেরামতের কাজ অব্যাহত আছে। সেটা ঠিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না। তবে সমস্যা সমাধানের জন্য সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান সম্ভব না। অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলো কার্যকর হলে জ্বালানি খাতে পরিস্থিতির উন্নত হবে।’
তিতাসের সামনে বিক্ষোভ
চলমান তীব্র গ্যাস সংকট, মূল্য বৃদ্ধি ও জ্বালানি খাতে আমদানি-নির্ভর নীতির প্রতিবাদে গতকাল রাজধানীতে তিতাস গ্যাস ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংগঠনটি জ্বালানি খাতে বহুজাতিক কোম্পানি ও বিদেশ-নির্ভরতা কমানোর পাশাপাশি পেট্রোবাংলা ও বাপেক্সের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানোর দাবি জানিয়েছে।
সমাবেশে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে অবিলম্বে ভর্তুকি বাড়াতে হবে এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘আমেরিকার কাছ থেকে এলএনজি আমদানির জন্য এটা কৃত্রিম সংকট কিনাÑ জনগণ সেটাও জানতে চায়।’ সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আবাসিক এলাকায় দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস থাকছে না, শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দিতে ব্যর্থ হয়েও নিয়মিত গ্যাস বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।’ তিনি স্পষ্ট বলেন, ‘যতক্ষণ নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হবে, ততক্ষণ জনগণের কাছ থেকে গ্যাসের বিল আদায় করা যাবে না।’