প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:৩৯ পিএম
ডিএসসিসির নতুন অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান। ছবি: ডিএসসিসির সৌজন্যে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাইনবোর্ড কর বৃদ্ধির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নাগরিকদের ওপর কোনো ধরনের বাড়তি বা অযৌক্তিক করের বোঝা না চাপানোর ব্যাপারে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।
ডিএসসিসির রাজস্ব বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার সাইনবোর্ড কর বৃদ্ধির একটি প্রস্তাব উপস্থাপন করা হলে প্রশাসক তা তাৎক্ষণিকভাবে নাকচ করে দেন।
রাজস্ব বিভাগ সূত্র জানিয়েছে, ক্রমবর্ধমান নাগরিক সেবার চাহিদা ও উন্নয়নের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিএসসিসি। ফলে নিজস্ব আয় বাড়াতে বিদ্যমানট্রেড লাইসেন্সের অংশ হিসেবে আদায় করা সাইনবোর্ড কর বৃদ্ধির একটি অলিখিত প্রস্তাব প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। তবে কর বৃদ্ধির এমন প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
এ প্রসঙ্গে প্রশাসক বলেন, “নাগরিকদের ওপর কোনো ধরনের অযৌক্তিক করের বোঝা চাপানো যাবে না।”
করের হার না বাড়িয়ে বরং আয়ের নতুন নতুন উপখাত তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বিদ্যমান বাজেটের সঠিক ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সন্তুষ্টি অর্জনের ওপর জোর দেন প্রশাসক।