মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:৩৪ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি
ঢাকার পূর্ব রামপুরায় একটি মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে মো. জাকারিয়া নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জাকারিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গলিয়গ গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। সে পূর্ব রামপুরার কুঞ্জবন মনোয়ারুল মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল এবং ওই মাদ্রাসার হোস্টেলেই থাকতো।
জাকারিয়ার বাবা বোরহান উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে মাদ্রাসার আটতলার ছাদে থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় জাকারিয়া। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (রামপুরা থানা) জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।