মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২১:০০ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬ ২১:০১ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া কলেজ শিক্ষার্থী মো. সিয়ামের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিয়াম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার এক বন্ধু দগ্ধ হয়েছেন।
যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার আল-আমিন রোডে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ ব্যক্তি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিয়ামের পরিবারের সদস্যরা জানান, অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে সিয়ামকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের বাবা সোনা মিয়া জানান, সিয়াম ভোলা জেলার বোরহানউদ্দিন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বিকালে সে দুই বন্ধুকে নিয়ে বাসার ছাদে ছিল। এ সময় কানে থাকা একটি ইয়ারফোন অসাবধানতাবশত খুলে বাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। পরে সেটি একটি লোহার রড দিয়ে নামানোর চেষ্টা করলে সিয়াম ও তার দুই বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।