ঢাকায় গ্যাস সংকটে নিম্ন আয়ের মানুষ বিকল্প হিসেবে কাঠের চুলায় রান্না করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দেশের গ্যাস সংকট আরও গভীর হয়েছে। জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে আবাসিক, শিল্প, সিএনজি ও বিদ্যুৎ খাতে চলমান সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি লোডশেডিং বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে।
মঙ্গলবার শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে টার্মিনালের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক কেবল ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পাঁচ দিন পরও টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে যুক্তরাজ্য থেকে আসা প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ করছেন। তবে কবে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানাতে পারেনি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি।
পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে সরবরাহ করা হয় প্রায় ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আসে দৈনিক ৯০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস। একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ প্রায় ৪৫ কোটি ঘনফুট কমে বর্তমানে ২১৫ থেকে ২২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে ঘাটতি বেড়ে চাহিদার প্রায় ৪৫ শতাংশে পৌঁছেছে।
গ্যাস সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে আবাসিক গ্রাহকদের ওপর। ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, বাড্ডা, রামপুরা, বাসাবো, কাফরুল ও কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস থাকছে না। কোথাও চাপ এতটাই কম যে রান্না করাই সম্ভব হচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা ও ইন্ডাকশন কুকার ব্যবহার করছে। নিম্ন আয়ের মানুষ বিকল্প হিসেবে কাঠের চুলায় রান্না করছেন। গভীর রাতে গ্যাসের চাপ কিছুটা বাড়লে অনেকে পরদিনের খাবার আগেভাগেই রান্না করে রাখছেন।
রাজধানীর বাসাবো এলাকার গৃহিণী ফারজানা হক জানান, গ্যাসের সংকটে তিনি এখন মাটির চুলায় কোনোভাবে প্রতিদিনের রান্নাবান্না করছেন।
বাড্ডা এলাকার গৃহিণী রূপা ইসলাম বলেন, “ভাই গ্যাসের সমস্যায় ফজরের নামাজের আগে উঠে রান্না করতে হয়। কী যে দুর্ভোগ তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
কাজীপাড়ার সম্পা আলম, কাফরুলের সামান্তা জারা, মোহাম্মদপুরের মার্জিয়া খান, কাঁঠালবাগান এলাকার ফাহমিদা জিন্নাত জাহান, ধানমন্ডি এলাকার শামিরা সায়মুমাসহ আরও অনেকেই জানালেন তীব্র গ্যাস সংকটের কথা। তাদের বক্তব্য অনুযায়ী চুলায় গ্যাস একেবারেই কম, কখনও কখনও থাকে না। অনেকে বিকল্প হিসেবে মাটির চুলায় রান্না করছেন বলেও জানিয়েছেন।
সিএনজি খাতেও সংকট প্রকট আকার ধারণ করেছে। রাজধানী থেকে জেলা শহর, সবখানেই গ্যাসের স্বল্পচাপের কারণে অনেক স্টেশন দিনের দীর্ঘ সময় বন্ধ থাকছে। যেসব স্টেশন চালু রয়েছে, সেখানে মধ্যরাত থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, একটি স্টেশন সচল রাখতে অন্তত ১৫ পিএসআই চাপ প্রয়োজন হলেও অনেক এলাকায় তা নেমে এসেছে মাত্র ২ থেকে ৫ পিএসআইয়ে।
শিল্প খাতেও গ্যাস সংকটের প্রভাব স্পষ্ট। অনেক কারখানায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, কোথাও ডিজেল ও এলপিজি ব্যবহার করে উৎপাদন চালানো হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে এবং রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির তথ্যমতে, তাদের দৈনিক প্রায় ১৯০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র প্রায় ১২০ কোটি ঘনফুট।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আগামী পাঁচ থেকে আট দিনের মধ্যে টার্মিনালটি আংশিক চালু করা সম্ভব হলে প্রতিদিন অতিরিক্ত প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা যাবে। তবে পূর্ণ সক্ষমতায় ফিরতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। কারিগরি মেরামতের পাশাপাশি আন্তর্জাতিক বীমা ও অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. রফিকুল ইসলাম বলেন, “শর্টসার্কিটে কেবল ও বৈদ্যুতিক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে মেরামতকাজ চালিয়ে যাচ্ছেন। তবে কাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়।”
জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীও জানান, প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হতে পারে। দ্রুত টার্মিনাল চালুর জন্য এক্সিলারেট এনার্জিকে তাগিদ দেওয়া হয়েছে।
গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। বর্তমানে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা দুর্ঘটনার আগে ছিল প্রায় ৯০ কোটি ঘনফুট। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াটের পরিবর্তে প্রায় চার হাজার মেগাওয়াটে নেমে এসেছে। বৃষ্টি ও সাপ্তাহিক ছুটির কারণে বিদ্যুতের চাহিদা কম থাকায় বড় ধরনের লোডশেডিং এড়ানো গেলেও তাপমাত্রা বৃদ্ধি এবং শিল্পকারখানা পুরোপুরি চালু হলে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে লোডশেডিংও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
২০১৮ সালে মহেশখালীতে দেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল চালু করে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি। পরে ২০২০ সালে সামিট গ্রুপ দ্বিতীয় টার্মিনাল চালু করে। তবে দুটি টার্মিনালের একটিতে সামান্য ত্রুটিও জাতীয় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে জ্বালানি বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার এবং বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছেন।