প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২২:০৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ২২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ায় এক পথচারী নিহত হয়েছেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসে থাকা এক শিশুসহ অন্তত দুজন আহত হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুর্মিটোলা এলাকায় পৌঁছে যাত্রী নামানোর জন্য চালক বাসটি রাস্তার পাশে থামানোর চেষ্টা করেন। এ সময় বাসটির ব্রেক বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকে গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে দেয়ালের একটি অংশ ভেঙে যায়।
দুর্ঘটনার সময় হাসপাতালের প্রধান ফটকের সামনে কয়েকজন পথচারী দাঁড়িয়ে ছিলেন। তাদের মধ্যে একজন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত রফিকুল ইসলাম ঢাকার একটি হোটেলে কর্মরত ছিলেন।
এ ঘটনায় বাসের ভেতরে থাকা এক শিশুসহ অন্তত দুজন আহত হয়। স্থানীয় লোকজন, হাসপাতালের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।
পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে যাত্রীরা বাসটির ব্রেক বিকলের দাবি করলেও যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনার পর হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পুলিশ বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে ঢাকার শেওড়াপাড়া ও হাতিরঝিলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল রাইডশেয়ারচালক সবুজ রহমান (৩০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সজিব খান জানান, হিমালয় পরিবহনের একটি বাসের সঙ্গে সবুজের মোটরসাইকেলের সংঘর্ষ হলে বাসের একটি চাকা তার হাতের ওপর দিয়ে চলে যায় এবং মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। পরে বাসটি এবং এর চালক ও হেলপারকে আটক করা হয়।
অন্যদিকে রবিবার দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের
পুলিশ প্লাজার পেছনের সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী
শেখ জায়েদ (২২) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আল আমিন ভূঁইয়া (২১) আহত হন। আল
আমিন জানান, তিনি নিজের মোটরসাইকেলে জায়েদকে নিয়ে তেল নিতে যাওয়ার সময় পেছন থেকে
একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়।