নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং রাজধানীর বসিলা ও হাজারীবাগ এলাকায় পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। ফাইল ছবি
ল্যাবরেটরিতে পরীক্ষা ও বাধ্যতামূলক মান সনদ গ্রহণ ছাড়াই পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ব্যাটারি এবং বিভিন্ন ভোক্তা পণ্য উৎপাদন ও বাজারজাত করার সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং রাজধানীর বসিলা ও হাজারীবাগ এলাকায় পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, রূপগঞ্জে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড বিএসটিআইর গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকেও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেড বিএসটিআইর প্রয়োজনীয় সনদ ছাড়া লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রাজধানীর বসিলা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামের সঙ্গে সাদৃশ্য রেখে লেজল (Lyzol), হিরপিক (Hirpic) ও ভিন (Vin) নামে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন ও বাজারজাত করার দায়ে আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজকে যৌথভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাজারীবাগ এলাকায় বিএসটিআইর মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির দায়ে ‘মিঠাই’ কে ১ লাখ টাকা এবং মান সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করায় ‘অপূর্ব আনন্দ জল খাবার’ কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, ভোক্তাদের নিরাপদ ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।