প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৮:২৪ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে রবিবার যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। ছবি: ডিএসসিসি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে উদ্যান এলাকা সম্পূর্ণ পরিষ্কার করা হয়।
অভিযান পরিচালনার সময় ঢাবির প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ও উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ডিএসসিসির এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।