জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
ঢাকার ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের সবাই মারা গেছেন।
স্বামী শাহীন ও ভাগ্নি হাফছার মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফাহিমা (২১)।
এর আগে ২১ জুলাই ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাত ১১টার দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ফাহিমার মৃত্যু হয়।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় বসবাস করতেন।
ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা দগ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন বলেও জানান তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকার ওই বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি ১১টার দিকে মারা গেছেন।
এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৪০ শতাংশ দগ্ধ ভাগ্নি হাফছা এবং ৫০ শতাংশ দগ্ধ স্বামী শাহীনেরও মৃত্যু হয়। এতে একই পরিবারের তিনজনেরই প্রাণহানি হলো বলেও জানান তিনি।