প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:০৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ২২:১৮ পিএম
ছাতাটিতে এমনভাবে বিস্ফোরক সংযুক্ত করা ছিল, কেউ কৌতূহলবশত এটি খুলতে গেলেই বিস্ফোরণ ঘটত। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর মতিঝিলে উল্টো রথযাত্রার বিশাল শোভাযাত্রা পার হচ্ছিল মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে। ঠিক সেই পথেই একটি সাধারণ ছাতার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল এক ‘মৃত্যুফাঁদ’ শক্তিশালী পাইপবোমা (আইইডি)।
তবে পুলিশের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের নাশকতা ও প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন হাজারো পুণ্যার্থী। আতঙ্ক এড়াতে ‘শর্ট সার্কিট’ হয়েছে বলে শোভাযাত্রাটি নিরাপদে পার করে দেয় পুলিশ। পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস করা হয় বোমাটি।
চাঞ্চল্যকর এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার উল্টো রথযাত্রার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুক্তা। বিকালে ট্রাফিক পুলিশ ডিএমপি কন্ট্রোল রুমে জানায়, মতিঝিল মেট্রোরেল স্টেশনের জেনারেটর রুমের পাশে একটি ছাতার ভেতর থেকে আলো জ্বলছে। এতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। ঠিক তখনই ঢাকেশ্বরী মন্দির থেকে আসা উল্টো রথযাত্রার বিশাল শোভাযাত্রা সেখানে পৌঁছে। মানুষের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায়, সেজন্য পুলিশ বোমার বিষয়টি গোপন রাখে।
‘শর্ট সার্কিট হয়েছে’ বলে আশপাশের মানুষকে সরিয়ে শোভাযাত্রাটিকে নিরাপদে ওই স্থান পার হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে যাওয়ার ব্যবস্থা করা হয়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করে।
ছাতাটিতে এমনভাবে বিস্ফোরক সংযুক্ত করা ছিল, কেউ কৌতূহলবশত এটি খুলতে গেলেই ভয়াবহ বিস্ফোরণ ঘটত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক।
তিনি বলেন, “কারা এই বিস্ফোরক রেখেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে”।
মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী শুরুতে একটি ককটেলসদৃশ বস্তুর কথা জানালেও, পরে আইইডির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক কর্মকর্তা জানান, এটি একটি অত্যন্ত শক্তিশালী পাইপবোমা বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। এর ভেতরে প্রায় দেড় কেজি সালফার, ব্যাটারি, বৈদ্যুতিক সার্কিট, বিয়ারিং বল, তারকাঁটা ও ধারালো লোহার টুকরো ছিল।
তদন্ত সংশ্লিষ্টদের জোরালো ধারণা, উল্টো রথযাত্রাকে কেন্দ্র করেই এই বিস্ফোরক রাখা হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “রথযাত্রাকে কেন্দ্র করেই বোমাটি রাখা হয়ে থাকতে পারে, তবে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে”।
মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি ও ব্যাপক প্রাণহানির উদ্দেশ্যেই পূর্বপরিকল্পিতভাবে এই বোমা রাখা হয়।
বোমাটি নিষ্ক্রিয় করার সময়ও দুর্ঘটনা পুরোপুরি এড়ানো যায়নি। শুক্রবার রাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর সময় স্প্লিন্টারের আঘাতে মিরাজ আহমেদ (৬৬) নামের এক পথচারী আহত হন। শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মচারীর বাঁ চোখে স্প্লিন্টার লাগে। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।