জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
ঢাকা ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে ৬ ঘণ্টার ব্যবধানে মামা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন ছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ৮ বছর বয়সী হাফসার মৃত্যু হয়। এরপর শুক্রবার সকাল ৬টার দিকে মামা মো. শাহিনের (২৪) মৃত্যু হয়। শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ শাহিনের স্ত্রী ফাহিমার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ভবনের নিচতলার বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে মঙ্গলবার ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহিন, তার স্ত্রী ফাহিমা ও ভাগ্নি হাফসা দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
প্রতিবেশী মো. জসিম জানান, শাহিন একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ডা. শাওন বিন রহমান বলেন, “দগ্ধ ফাহিমার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।”