× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পটলাইট ঢাকা

শাহজালালে ট্রাফিকে চরম বিশৃঙ্খলা

মাসুদুল হাসান

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৫:৪৮ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৯:০০ পিএম

গ্রাফিক্স প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স প্রতিদিনের বাংলাদেশ

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন হাজারো দেশি-বিদেশি যাত্রীর আনাগোনা এখানে। অথচ এই বিমানবন্দর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার চিত্র চরম বিশৃঙ্খল ও হতাশাজনক।

নির্দিষ্ট কোনো বাসস্টপেজ বা যাত্রী ছাউনি না থাকায় মূল সড়কেই আড়াআড়িভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্মাণাধীন আন্ডারপাসের কারণে সংকুচিত সড়ক এবং অবৈধ টিকিট কাউন্টারের দৌরাত্ম্য। ফলে দেশি-বিদেশি যাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের প্রতিদিন পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

সরেজমিন বিমানবন্দর এলাকা ঘুরে দেখা যায়, প্রবেশমুখেই প্রতিদিন অন্তত ২৫-৩০টি বাসের জটলা লেগে থাকে। আবদুল্লাহপুর-গাজীপুরগামী বাসগুলো দীর্ঘ সময় মূল সড়কে দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করাচ্ছে। অন্যদিকে বিমানবন্দর টার্মিনাল থেকে বের হওয়া গাড়িগুলো এই বাসের জটে আটকা পড়ে সৃষ্টি করছে দীর্ঘ যানজটের। এটি কোনো নির্দিষ্ট ১ ঘণ্টার চিত্র নয়, বছরজুড়েই বিমানবন্দরের সামনের সড়কে গণপরিবহনের এই রাজত্ব চলে। অথচ ট্রাফিক পুলিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই; বরং তাদের ব্যস্ত দেখা যায় কেবল ভিআইপি মুভমেন্ট সামলাতে।

অনেক খোঁজাখুঁজি করেও বিমানবন্দরের সামনে বা আশপাশে কোনো বাসস্টপেজ ও যাত্রী ছাউনির সন্ধান পাওয়া যায়নি। খোদ ট্রাফিক সার্জেন্টরাই স্বীকার করেছেন, এখানে কোনো যাত্রী ছাউনি বা স্টপেজ নেই। শহরের বাসগুলো বিমানবন্দরের সামনের মূল সড়ককেই অঘোষিত স্টপেজ হিসেবে ব্যবহার করছে।

বিমানবন্দরের সামনের একটু বাম পাশের জায়গাটি বাস ওঠানামার জন্য উপযুক্ত হলেও, সেটি এখন দূরপাল্লায় চলাচলকারী ৫০টির বেশি বাসের টিকিট কাউন্টারের অবৈধ দখলে। বিপরীত পাশের সড়কের চিত্র আরও ভয়াবহ। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্রবেশগেটের সামনের প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে গাজীপুর, টঙ্গী ও আশুলিয়া থেকে আসা বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা জটলা পাকিয়ে যাত্রী ওঠানামা করায়। হজক্যাম্প থেকে বেরোনোর সময় বামপাশে কিছু দূরে থাকা একমাত্র কাঠের যাত্রী ছাউনিটিও ব্যবহার হচ্ছে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার হিসেবে।

স্টপেজ না থাকায় বাধ্য হয়ে চলন্ত বাসে ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে যাত্রীদের। টঙ্গীগামী বিশ্ববিদ্যালয়পড়ুয়া ইশতিয়াক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কের মাঝখানে দাঁড়িয়ে বাসে উঠতে হয়, এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। জাতীয় গুরুত্বপূর্ণ একটি এলাকায় এমন বিশৃঙ্খলা কর্তৃপক্ষের চরম উদাসীনতারই প্রমাণ।’ নার্সিংয়ের ছাত্রী সুষমা বলেন, ‘নিরাপদে বাসে ওঠানামা করার জন্য অবিলম্বে এখানে নির্দিষ্ট স্টপেজ ও যাত্রী ছাউনি করে দেওয়া উচিত।’

অন্যদিকে বাসের চালক ও সহকারীরা দুষছেন নির্দিষ্ট স্টপেজ না থাকাকে। আসমানি পরিবহনের এক চালক ও রাইদা পরিবহনের চালকের সহকারী সোহেল জানান, ট্রাফিক বিভাগ থেকে কোনো নির্দিষ্ট স্টপেজ না দেওয়ায় যাত্রীর আশায় তারা বাধ্য হয়ে জনসমাগমের স্থানে বাস দাঁড় করিয়ে রাখেন।

শুধু বাইরের সড়কই নয়, বিমানবন্দরের ভেতরেও বিশেষ নিরাপত্তাভুক্ত এলাকায় টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর সামনের খোলা জায়গায় ভাড়ায় চালিত ৫০টির বেশি মাইক্রোবাস ও প্রাইভেটকার জটলা করে থাকতে দেখা যায়।

বিমানবন্দর সড়কের একমাত্র ফুটওভার ব্রিজের দুই পাশের লিফট দীর্ঘদিন ধরে বিকল। আর ব্রিজের ওপরটা পরিণত হয়েছে ভবঘুরে ও মাদকসেবীদের আস্তানায়। সবচেয়ে করুণ চিত্র দেখা যায় খোদ ট্রাফিক পুলিশের কার্যালয়ে। সামান্য বৃষ্টি হলেই বিমানবন্দর এলাকার ট্রাফিক পুলিশ বক্স ও অফিসের সামনের দিকটা কাদাপানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। নিজেদের কার্যালয়ের এমন দুরবস্থা যাদের, তারা কীভাবে এত বড় এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা সামলাবেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

ট্রাফিক পরিদর্শক মো. জাফরুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্থায়ী বাসস্টপেজ না থাকায় গণপরিবহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকার দুই পাশেই বাসস্টপেজ করার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। কিন্তু সেগুলো আন্তঃজেলা বাস কাউন্টারগুলোর দখলে। কিছুদিন আগে উচ্ছেদ অভিযান চালানো হলেও তারা পুনরায় কাউন্টার বসিয়ে কার্যক্রম শুরু করেছে।

সার্বিক বিশৃঙ্খলার বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিমানবন্দর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেলওয়ে স্টেশন ও হজক্যাম্প থাকার কারণে এ এলাকায় মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল করে। আমরা ডিএমপি ট্রাফিক বিভাগকে দুটি বাসস্টপেজ নির্ধারণ করার জন্য ইতোমধ্যে অনুরোধ জানিয়েছি।’ যানজটের অন্যতম কারণ হিসেবে তিনি নির্মাণাধীন আন্ডারপাসের কথা উল্লেখ করে জানান, এই আন্ডারপাসের কাজ শেষ হতে আরও অন্তত দুই বছর সময় লাগবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা