প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২১:৪৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ২১:৪৬ পিএম
ক্র্যাব নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আবু হেনা রাসেলেকে শেষবিদায় জানান। ছবি: ক্র্যাব
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেলের জানাজার নামাজ বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজ শেষে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তাকে শেষবিদায় জানান। ডিআরইউর পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আবু হেনা রাসেল বুধবার মোহাম্মদপুরের বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান। সেখানে তার বুকে ব্যথা উঠলে পথচারীরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। পরে দুপুর ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আবু হেনা রাসেলের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহীর জেলায় জন্মগ্রহণ করেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আবু হেনা রাসেল ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি কানাডায় চলে যান। প্রবাসজীবন শেষে ২০১৬ সালের দিকে বাংলাদেশে ফিরে আবার সাংবাদিকতা শুরু করেন। কর্মজীবনে তিনি দৈনিক ভোরের কাগজ, কালের কণ্ঠ, সমকালের অপরাধ বিভাগের রিপোর্টার ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক খবর সংযোগের সাথে যুক্ত ছিলেন।