প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৪:৫২ পিএম
সদরঘাটে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান। ছবি: ফায়ার সার্ভিস
ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তারা সাঁতরে নদীর অন্য পাড়ে উঠতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার সকালে সদরঘাটের শ্যামবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ২০ মিনিটে তারা খবর পান যে, শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ নামের একটি লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে গেছে। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
প্রাথমিকভাবে দুর্ঘটনায় দুই যাত্রী নিখোঁজ থাকার কথা জানা গেলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম দুপুর পৌনে একটার দিকে জানান, নিখোঁজ দুই ব্যক্তি নদীর অন্য পাশে সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন।
তিনি আরও জানান, ওই ব্যক্তিদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা তাৎক্ষণিকভাবে কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে তাদের অবস্থান ও সুস্থতার বিষয়টি জানান। ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করার পর এবং অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান শেষ করে স্টেশনে প্রত্যাবর্তন করেছে।