প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২০:৫৫ পিএম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম। ছবি: বাসস
হাসপাতালের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এজন্য পৃথক ও নির্ধারিত ব্যবস্থাপনা রয়েছে, যা যথাযথভাবে অনুসরণ করা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম।
রাজধানীর শেওড়াপাড়ায় শুক্রবার গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে প্রচলিত আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে পরিচালিত হতে হবে।
একই সঙ্গে চিকিৎসা বর্জ্য নির্ধারিত প্রক্রিয়ায় অপসারণ এবং হাসপাতাল প্রাঙ্গণের সামনে প্রয়োজনীয় ময়লার বিন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, রাজধানীর উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএনসিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ডেঙ্গু সচেতনতায় গুলশানে মাসব্যাপী কর্মসূচি শুরু
বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বাড়াতে গুলশানে মাসব্যাপী কর্মসূচি পালন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি। শুক্রবার বিকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পাড়া-মহল্লা এবং বস্তি এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পাশাপাশি ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত। তিনি বলেন, পৃথিবীর সবখানেই মশা আছে। কিন্তু মশার কামড়ে আমাদের দেশের মত এত মানুষের মৃত্যু আর কোথাও হয় না। শুধু অসচেতনতা এবং দায়িত্বহীনতার কারণে গত তিন বছরে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। বিষয়টা খুবই উদ্বেগজনক। এই মৃত্যু আমরা এড়াতে পারি সচেতনতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে। মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু প্রতিরোধে গুলশান সোসাইটি বছরব্যাপী এই কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহসভাপতি আব্দুল মাজেদ।