× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশেও মেসি-নেইমার গড়ার স্বপ্ন ঢাকার ডিসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৪:৫৭ পিএম

বাফুফে মাঠে শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার ডিসি ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাফুফে মাঠে শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার ডিসি ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ থেকেও বিশ্বমানের ফুটবলার উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের সঠিক পরিচর্যা, আধুনিক প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিশ্চিত হলে এটা সম্ভব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠে শুক্রবার অনুষ্ঠিত ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদা খানম বলেন, “আমি স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশেও মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে।

“আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।”

তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে একদিন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চেও বাংলাদেশের পতাকা উড়বে।

ফুটবলকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে জাতি গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, এ খেলা শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, সহনশীলতা, আত্মবিশ্বাস এবং দলগত চেতনা গড়ে তোলে, যা ব্যক্তিজীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলে।

সাংবাদিকদের উদ্দেশে ফরিদা খানম বলেন, “সাংবাদিকতা অত্যন্ত দায়িত্বশীল পেশা। প্রতিদিন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকেরা নিরলসভাবে কাজ করেন।

“ব্যস্ত কর্মজীবনের মধ্যেও খেলাধুলার মতো ইতিবাচক আয়োজনের সঙ্গে যুক্ত হওয়া প্রমাণ করে, সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া ভালো সাংবাদিকতা সম্ভব নয়।”

ফরিদা খানম বলেন, “আজ আমরা টেলিভিশনে মেসি, নেইমার কিংবা রোনালদোর খেলা দেখে অনুপ্রাণিত হই।

“আমি বিশ্বাস করি, একদিন বিশ্বের মানুষও বাংলাদেশের কোনো ফুটবলারের খেলা দেখে অনুপ্রাণিত হবে।”

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ কারণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন, গণমাধ্যম এবং সমাজের সবাইকে খেলাধুলার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকেরা শুধু সংবাদ পরিবেশনই করেন না, সমাজকে পথও দেখান।

দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সাফল্যের গল্প মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে ভবিষ্যতের তারকা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাইম ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন বলেন, সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা