× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনে ফুল বিক্রি, রাতে মাদক

মাহরিব বিন মহসিন, ঢাবি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৯:৪৪ পিএম

প্রতীকী ছবি: এআই

প্রতীকী ছবি: এআই

দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পানি ও ফুল বিক্রি করেন। আর রাত নামলেই হাতে উঠে আসে মাদকের পুরিয়া। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় এমনই এক ভয়ংকর বাস্তবতায় জড়িয়ে পড়ছে পথশিশুরা। 

প্রশাসনের নজরদারি বাড়লেও মাদক সিন্ডিকেট আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে শিশুদের ব্যবহার করে মাদক কেনাবেচা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাতের বেলায় ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থীরাও মাদকসেবি ও ভবঘুরেদের কারণে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় বসবাসকারী ১০ বছর বয়সী রাকিব (ছদ্মনাম) দিনের বেলায় ক্যাম্পাসে পানি বিক্রি করে। তার ছোট বোন বিক্রি করে ফুল। তবে সন্ধ্যা নামতেই তাদের হাতে তুলে দেওয়া হয় ছোট ছোট কাগজের পুরিয়া। অভিযোগ, এসব পুরিয়ার ভেতরে থাকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

এসব পুরিয়া কোথা থেকে আসে—জানতে চাইলে রাকিব নিচু স্বরে বলে, “কয়েকজন লোক আছে, তারা দেয়। এর বেশি কিছু কওন যাইবো না, মানা আছে।” তার এই বক্তব্য থেকেই শিশুদের আড়াল হিসেবে ব্যবহারকারী একটি সংগঠিত মাদকচক্রের উপস্থিতির ইঙ্গিত মিলেছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনের অভিযান ও নজরদারি আগের তুলনায় জোরদার হলেও পুরোপুরি বন্ধ হয়নি মাদক ব্যবসা। বরং সন্দেহ এড়াতে এখন শিশুদের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানে মাদক সরবরাহ করছে সিন্ডিকেট। বিনিময়ে তাদের দেওয়া হচ্ছে সামান্য অর্থ। দারিদ্র্যের সুযোগ নিয়ে এভাবেই শিশুদের অপরাধচক্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

গত বছরের ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকসেবিদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। পুলিশ জানায়, মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। টিএসসি ও রমনা কালীমন্দির গেটসংলগ্ন এলাকায় সংঘটিত ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেশজুড়ে আলোচিত ওই ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেয় সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসি-সংলগ্ন উদ্যানের প্রবেশপথ ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মাদকসেবিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে পুলিশ। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতির উন্নতি হলেও বর্তমানে তিন নেতার মাজারসংলগ্ন এলাকায় আবারও মাদকসেবিদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রমনা কালীমন্দির গেটের পাশে তিন নেতার মাজারসংলগ্ন এলাকায় আগে উচ্ছেদ করা ঝুপড়িগুলো আবারও গড়ে উঠেছে। দিনের বেলায় সেখানে লোকসমাগম কম থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মাদকসেবিদের উপস্থিতি। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি এড়াতে শিশুদের মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে মাদক কেনাবেচা।

রাতের বেলায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চলাচলকারী শিক্ষার্থীরা বলছেন, মাদকাসক্ত ও ভবঘুরেদের কারণে তারা প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে এ উদ্বেগ বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আফরিন জাহান বলেন, “কিছুদিন আগে রাতে টিউশন শেষে হলে ফেরার পথে দোয়েল চত্বরে এক ভবঘুরে আমার পথ আটকে দাঁড়ায়। তার চোখ-মুখ দেখে মনে হয়েছে সে মাদকাসক্ত। পরে আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।”

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত টহল থাকলেও সন্ধ্যার পর কিছু এলাকায় নজরদারি কমে যায়। সেই সুযোগে মাদকসেবি ও অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তাদের মতে, শুধু অভিযান চালালেই হবে না; মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মু. রফিকুল ইসলাম বলেন, “বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে ভবঘুরে ও মাদকসেবিদের আনাগোনা কিছুটা বেড়েছে। খেলা দেখতে অনেক মানুষ ক্যাম্পাসে আসায় সবসময় কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা আরও কঠোর অবস্থানে যাব। এছাড়া প্রক্টোরিয়াল টিমের লোকবল সীমিত হওয়ায় সব এলাকায় একসঙ্গে নজরদারি করা কঠিন।”

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, “মাদকসেবিদের উৎখাতে আমরা দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছি। তিন নেতার মাজারসংলগ্ন এলাকা সিলগালা করা হয়েছে। তারপরও বিচ্ছিন্নভাবে কেউ সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিস্তার রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা