ঢাকার উত্তরায় একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক। প্রতীকী ছবি
বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল উপভোগ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। কিন্তু সেই ফেরাই আর শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়নি।
ঢাকার উত্তরায় একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তারা।
উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশের সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তর সাংবাদিক সাকিবুল হাসান।
ওই দুই সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সাংবাদিক দুজন বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলে থাকা লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেয়। এবং পরে তাদের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।এখন নিহতদের লাশ সেখানেই আছে।
এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নিবে কি না তা জানতে চাইলে খালিদ মনসুর বলেন, আমাদের পক্ষ থেকে ময়না-তদন্তের কথা বলা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
জানা যায়, সাংবাদিকতার পাশাপাশি তারা উত্তরা প্রেসক্লাবের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
সাকিবুল হাসান ক্লাবটির অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।