জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস
ঢাকার গুলিস্তানের আলু বাজার এলাকার ‘আর্মান সেলুনে’ এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের পর আগুন লেগে ১০ জন দগ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে চারজন সেলুনকর্মী এবং ছয়জন গ্রাহক রয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
একজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে।
পরে রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।
দগ্ধরা হলেন-সেলুনকর্মী সামশেদ, রাজু, পাপ্পু ও আরমান।
এছাড়া আহত গ্রাহকরা হলেন ফারুক, রিনকো, রনি, জসিম, রফিক ও সাকিব।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, গুলিস্তান আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।
তিনি জানান, সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ এবং সাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. শাওন আরও জানান, দগ্ধদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাকিবের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলে তাকে ছেড়ে দেওয়া হবে।