× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা বৃষ্টিতে ঢাকার দক্ষিণখানে জলাবদ্ধতা: দুর্ভোগে জনজীবন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৮:১৭ পিএম

টানা বৃষ্টিতে ঢাকার দক্ষিণখানের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা বৃষ্টিতে ঢাকার দক্ষিণখানের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা কয়েক দিনের বৃষ্টিতে ঢাকার দক্ষিণখানের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। 

জলাবদ্ধতার প্রভাব পড়েছে দক্ষিণখান থানা, স্থানীয় গণকবরস্থান এবং আশপাশের বহু বাড়িঘর, দোকানপাট ও একটি মসজিদেও।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে নির্মিত সরু সিমেন্টের পাইপ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে না।

উত্তরখান থানার এএসআই মো. মাইদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে গণকবরস্থান এলাকায় গিয়ে দেখা যায়, পুরো সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে রয়েছে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক স্থানে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

দক্ষিণখান গণকবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা মো. কালাম মিয়া জানান, জলাবদ্ধতার কারণে কবর খনন ও দাফন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা স্বজন হারানো পরিবারের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

থানার বিপরীতে ব্যবসা করা একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সামান্য বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সিটি করপোরেশনকে বারবার জানানো হলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। 

স্থানীয়দের মতে, নিচু সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না হওয়াই এ সংকটের মূল কারণ।

পুলিশের একটি সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে টহল ও জরুরি সেবায় ঘটনাস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে, ফলে কিছু ক্ষেত্রে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার রাজনৈতিক কর্মী সায়মন জানান, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং আগামী ২০ তারিখে দেশে ফিরবেন। সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা