প্রতীকী ছবি।
রাজধানীর কদমতলীতে বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি তোলার মোটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
কদমতলীর শনির আখড়া এলাকায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউল করিম করিম (৬২) মেহেরপুর জেলার গাংনী থানার ভ্রমরদা গ্রামের মৃত কাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে।
তিনি শনির আখড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। তিনি বাংলাদেশ ব্যাংকের (সাবেক) অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভায়রা মো. বাকী জানান, রাত সাড়ে ৯টার দিকে রেজাউল করিম নিজ বাসায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি উঠানোর মোটর পরীক্ষা করছিলেন। ওই মোটর কারেন্ট হয়ে ছিল। মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
তিনি জানান, এক ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় ইম্পেরিয়াল রয়েল হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।