প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন কমিটির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে।
ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসার (৩৩/৩ উমেশ দত্ত রোড) কারা কনভেনশন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এক পক্ষ বিএফএ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার মোর্শেদ মিল্টন নামের এক সভাপতি প্রার্থী ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকল সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলে তার অভিযোগ।
তিনি দাবি করেন, ভোটার তালিকা প্রণয়ন, আপত্তি নিষ্পত্তি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন ধাপে এমন কিছু অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।
এই পরিস্থিতিতে আমরা মনে করি, বর্তমান প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন বিএফএর সদস্যদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাবে না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থ, ভোটার ও সদস্যদের প্রতি এই নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি।
অন্যদিকে বিএফএ নির্বাচনে প্রথম ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, একটি পক্ষের নির্বাচন বর্জনের ঘোষণা দুঃখজনক।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিএফএ-এর নির্বাচন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কমিশন নির্ধারিত বিধি-বিধান ও তফসিল অনুযায়ী নির্বাচন পরিচালনা করে আসছে। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে আপত্তি, অভিযোগ ও প্রতিকার চাওয়ার যথাযথ সুযোগ ছিল এবং রয়েছে।
এছাড়া নির্বাচন-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করলেও আদালত সেই আবেদন গ্রহণ করেননি/খারিজ করেছেন। ফলে নির্বাচন প্রক্রিয়া আইনানুগভাবেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তাই নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।
নির্বাচনে সদস্যদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে মামুনুর রশিদ খান বলেন, আমরা বিএফএ-এর সকল ভোটার ও সদস্যদের প্রতি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের আন্তরিক আহ্বান জানাচ্ছি।