প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মীকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মামুন মোল্লা। তিনি মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমআরআই বিভাগের চিফ টেকনিশিয়ান হিসেবে কর্মরত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইজিবাইকে যাওয়ার সময় হাসপাতালের সামনে বিশ্বরোড এলাকায় একদল ছিনতাইকারী মামুনের গতিরোধ করে। এ সময় তারা চাপাতি দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা গুরুতর আহত মামুনকে উদ্ধার করে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে মুগদা থানার ডিউটি অফিসার এসআই শাহ জামাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এমন একটি ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাটি মুলত খিলগাঁও ফ্লাইওভারে ঘটেছে।