প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৭:৫৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১২:৪১ পিএম
প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
সোমবার (২ জানুয়ারি) বেলা পৌনে ৩টায় তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বাদ জোহর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন গত শনিবার রাতে মারা যান। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বড় ছেলে আমেরিকা খেকে ফেরা পর্যন্ত মালিবাগে অফিস ভবনে ফ্রিজিং গাড়িতে তার মরদেহ সংরক্ষিত ছিল।
খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। ওই আসন থেকে এর আগেও অন্য দল থেকে একাধিকবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।