মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ভাটারা ও চকবাজারে বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটারা থানার কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকায় বিকাল ৪টার দিকে একটি ভবনে গ্রিলের ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন গ্রিল মিস্ত্রি আব্দুল বারী (২৫)।
সহকর্মী আব্দুল রাসেল জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল বারীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুরবাড়িয়া গ্রামে। তিনি জাকির হোসেনের ছেলে। বর্তমানে কোকোকোলা ঢালিবাড়ি এলাকায় থেকে গ্রিল মিস্ত্রির কাজ করতেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে চকবাজার থানার সোয়ারীঘাট হাজী বালু রোড এলাকার একটি প্লাস্টিক কারখানায় মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক এমদাদুল হক (২৫)।
তার সহকর্মী বিপ্লব জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি বর্তমানে চকবাজারের সোয়ারীঘাট এলাকায় বসবাস করতেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।